সালাহ উদ্দিন সুমন: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম বলেছেন, একজন শিক্ষার্থীর নৈতিক মূল্যবোধ সৃষ্টি হয় তার পরিবার থেকে।
পরিবার থেকে যদি সে নৈতিক শিক্ষাটা নিয়ে আসতে পারো তাহলে ছয় বছর বয়সে যখন প্রাথমিক বিদ্যালয় আসবে সেখান থেকে শিখবে, পরে মাধ্যমিক এ উঠবে এরপর ধীরে ধীরে আরও উপরের দিকে যাবে। নিচের দিকেই যদি তার ভিত নড়বড়ে থাকে শক্ত না হয় উপরে গিয়ে তাকে আর পরিবর্তন করা সম্ভব নয়। যে প্রাথমিক বিদ্যালয়ে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে যায় তাকে আর ভবিষ্যতে ঠিক করা যায় না।
তিনি আরও বলেন, যদি কোন পিতা-মাতা তার সন্তানের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে ঠিক করা যাবে না। আর এটি না করার কারণে বর্তমানে আমাদের সমাজে অনেক রকম সমস্যা তৈরি হয়েছে। তাই সন্তানদের নৈতিকতা পরিবার থেকেই শিক্ষা দিতে হবে।
বুধবার দুপুরে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর পৌর এলাকার আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছাবের আহাম্মদের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, সোনাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হুসাইন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার।
শেষে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের কৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কৃত করা হয়।