প্রতিবেদক: হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের দোকানে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আধাঁরে দেওয়া আগুনে পুড়ে গেছে সাতটি দোকান, একটি মাইক্রোবাস ও দুইটি সিএনজিসহ প্রায় কোটি টাকার সম্পদ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুলা মার্কেট এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। সবকটি দোকানের মালিক চরঈশ্বর ইউনিয়নরের ৩ নং ওয়ার্ডের কালাম সর্দার। সংবাদ পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি এই ঘটনার জন্য এনসিপির নেতাকর্মীদের দায়ী করেন।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক তিনটার দিকে আগুন দেখে সবাই ছুটে আসে। সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক কালাম সর্দার বলেন, তিনি ধানের শীষের সমর্থনে নির্বাচন করেন। গত কয়েকদিন প্রতিপক্ষের লোকজন তাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে আসছে। দোকানে আগুন দিবে বলে হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে লোকজন তাকে দোকানে আগুন দেওয়া হয়েছে বলে সংবাদ দেয়। এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে।
এই বিষয়ে নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারনে প্রতিপক্ষের লোকজন এই কাজটি করেছে। তিনি এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।