নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (২২ জুন) দুপুর ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডা. বদিয়া মিয়ার পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মাসুম রানার নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মো. আবদুস সাত্তার (৫৫)কে আটক করা হয়। তিনি সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা। পরে তার দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন । মাদকবিরোধী এ ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে ।