নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরী হাট বাজারে চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে এক দোকানদারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নলুয়া রেহান আলী চৌধুরী হাট বাজারে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক ব্যক্তির নিজ দখলীয় এক কক্ষবিশিষ্ট চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে একটি বাজারের ব্যাগের ভেতর কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন প্রায় ৮০০ গ্রাম। এছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মহিন উদ্দিন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. মোস্তফার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে কবিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, জেলার মাদক নির্মূলে অধিদপ্তরের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। তিনি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।