
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন নোয়াখালী ও পরিবেশ অধিদপ্তর, নোয়াখালীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সকালে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত উদ্যোগের বার্তা ছড়িয়ে দেয়।
Leave a Reply