নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুর ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য শাহাজান এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। এছাড়া নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে চলমান কার্যক্রম, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদকের বিস্তার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় উঠে আসে।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অপরাধ সংঘটনের সম্ভাব্য কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের নিরাপত্তা ও জনসেবার মানোন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।