
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আহমেদ কামরুল হাসানকে পদায়ন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই বিপ্লবের পর বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আহমেদ কামরুল হাসান। এর আগে, তিনি অর্থ বিভাগে উপসচিব ছিলেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০০৬ সালে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন।
কর্মজীবনে তিনি চট্টগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও আইসিটি বিভাগে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, আলমডাঙ্গা উপজেলার ইউএনও ছিলেন তিনি।
অন্যদিকে নোয়াখালীর বর্তমান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব হিসেবে প্রদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
Leave a Reply