
নোয়াখালী জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৫৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। বাকি ৫৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানে সুধারাম মডেল থানায় ১০ জন, কোম্পানীগঞ্জ থানায় ৫ জন, কবিরহাট থানায় ৩ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৫ জন, চাটখিল থানায় ১০ জন, চরজব্বর থানায় ২ জন এবং হাতিয়া থানায় ২৪ জনকে আটক করা হয়।
এর মধ্যে বেগমগঞ্জ মডেল থানায় আটক পাঁচজনের মধ্যে দুজনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন থানা থেকে আটক বাকি ৫৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হবে।
বুধবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এ তথ্য জানান।
Leave a Reply