
আবদুল জব্বার, সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানায় জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ এবং বাল্যবিবাহ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে চরজব্বর থানা পুলিশের আয়োজনে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, নারী পুলিশ সদস্য, কিশোর-কিশোরী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন ইউএনএফপিএর নোয়াখালী জেলা প্রতিনিধি ডা. সাবরিনা সামরিন হৃদি, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান, এএসআই প্রিয়াংকা দে, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, স্থানীয় রাজনীতিবিদ আবদুল্যা মিয়া এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সাংবাদিক হানিফ মাহমুদ, হুমায়ুন কবির, কামাল হোসেন।
বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে আহ্বান জানানো হয়।
এ সময় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তারা বলেন, পরিবার, জনপ্রতিনিধি, বিয়ে নিবন্ধক (কাজী) ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই এ সামাজিক ব্যাধি প্রতিরোধ সম্ভব। ভুয়া জন্মনিবন্ধন বা বয়স গোপন করে বাল্যবিবাহ সম্পন্ন না করার আহ্বান জানানো হয়।
সভায় সিদ্ধান্ত হয়, কোথাও বাল্যবিবাহের উদ্যোগের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে। পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনি ও মানসিক সহায়তায় চরজব্বর থানা সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়।
Leave a Reply