
নোয়াখালীতে নতুন স্থানে স্থানান্তরিত ট্রাফিক অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
এ উপলক্ষে নোয়াখালী ট্রাফিক বিভাগের আয়োজনে ট্রাফিক আইন, সড়ক ব্যবহার ও ব্যবস্থাপনা এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহন চলাচলে নির্ধারিত নিয়ম অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বেচ্ছাসেবকরা। তাঁদের এ অবদানের স্বীকৃতিস্বরূপ নোয়াখালী ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অভিনন্দনপত্র ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply