
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা কাঁচাবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৯৭ কেজি ৫০০ গ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসন, নোয়াখালী ও পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘনের অপরাধে একই আইনের দণ্ড ধারা ১৫(১), ক্রমিক ৪(খ) অনুযায়ী দুই প্রতিষ্ঠান/ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে আলামিন স্টোরের মালিক জামালকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তার প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ কেজি ৫০০ গ্রাম নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
এ ছাড়া বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আলী আহমদকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তার প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
অভিযানে দুইটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও নগদ আদায় করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসায়ী ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সেজান আহমেদ ও মোঃ মাহফুজুল হক। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক মোঃ মিলন হোসেন।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা আনসার বাহিনীর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে পরিবেশ রক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
Leave a Reply