
প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরাঞ্চলে এক বিশেষ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র দাসসহ পুলিশের একটি চৌকস দল চর বালুয়া এলাকায় অভিযানে নামে।
অভিযানকালে স্থানীয় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুইটি একনলা বন্দুক, একটি এলজি এবং ২০ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুজ্জামান (৩০) নামের এক যুবক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতক নুরুজ্জামানকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অপরাধীদের দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
Leave a Reply