
নোয়াখালীর সুবর্ণচরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সুবর্ণচরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুপম চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, চরবাটা ইসমাঈলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সহকারী অধ্যাপক মিজানুর রহমান, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ফারুক, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন এবং চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান নিজাম।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের অনুভূতি তুলে ধরেন। প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নৈতিক জীবনযাপন, নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারী শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি সুবর্ণচরের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিগত দিনে তার বিভিন্ন অবদানের কথাও তুলে ধরেন।
বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply