
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় এসব কর্মসূচি ও অভিযান পরিচালিত হয়।
এ উপলক্ষে জেলার একটি স্থানে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ১৮টি অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী এবং ১ জন মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ।
অভিযানগুলোতে সর্বমোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে নোয়াখালী জেলা পুলিশ।
Leave a Reply