
নোয়াখালীতে এক পুরিয়া গাঁজাসহ মো. রাসেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকালে নোয়াখালী পৌরসভার পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল পূর্ব লক্ষ্মীনারায়ণপুর ৩ নম্বর পৌর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোহাম্মদ মিলনের ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রাসেলের কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম নিয়ামুল কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাসেলকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
Leave a Reply