1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
৪ বছরের হিসাব নিয়ে প্রশ্ন, প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগ - এন কে টেলিভিশন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৪ বছরের হিসাব নিয়ে প্রশ্ন, প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগ নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা নোয়াখালী-ঢাকা রুটে নতুন ট্রেনের উদ্যোগ, সম্প্রসারিত হচ্ছে চৌমুহনী স্টেশন কক্সবাজার যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুই শিক্ষকের নোয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনবাগে মিনি ট্রাকের গোপন চেম্বারে ৬২ হাজার ইয়াবা, আটক হেলপার চাটখিলে গৃহবধূর সন্ধান মিলছে না ৬ দিনেও, খোঁজ চায় পরিবার নোয়াখালীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৪ বছরের হিসাব নিয়ে প্রশ্ন, প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

নোয়াখালী জেলা প্রশাসন পরিচালিত ঐতিহ্যবাহী প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বিপুল পরিমাণ অর্থের হিসাব নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ভর্তি ফি, মাসিক বেতনসহ বিভিন্ন খাতে আদায় করা প্রায় ৫৬ লাখ ৬২ হাজার টাকার হিসাব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ২০২৬ সালের জুন মাসে আদায় করা আরও ৭ লাখ ৩৭ হাজার ৬৭৭ টাকার হিসাব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক লায়লা তারেককে। অর্থের হিসাব নিয়ে ওঠা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রশ্নে যাঁর ভূমিকা নিয়েই আলোচনা-সমালোচনা চলছে, তাঁকেই তদন্ত কমিটির প্রধান করায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে।

নোয়াখালী জেলা শহরের মাইজদীতে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে নোয়াখালীর জেলা প্রশাসক এর সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্র সূত্রে জানা যায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি, মাসিক বেতনসহ বিভিন্ন খাতে আদায় করা অর্থের হিসাবে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে ৯ লাখ ৯ হাজার ১১ টাকা, ২০২৩ সালে ১২ লাখ ৬৫ হাজার ৩৪২ টাকা, ২০২৪ সালে ১৮ লাখ ৬৮ হাজার ৭২০ টাকা এবং ২০২৫ সালে ১১ লাখ ১৯ হাজার ৮২৪ টাকা ব্যাংক হিসাবে জমা না হওয়ার বিষয়টি সামনে এসেছে। এ ছাড়া ২০২৫ সালে ৩৫ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা আরও ৪ লাখ ২৯ হাজার ৩১০ টাকার হিসাবেও গরমিলের অভিযোগ রয়েছে।

সম্প্রতি ২০২৬ সালের জুন মাসে ৭ লাখ ৩৭ হাজার ৬৭৭ টাকার হিসাব নিয়ে প্রশ্ন ওঠার পর গত চার বছরের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে গিয়ে এসব অসংগতি সামনে আসে।

প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনে ওয়ান ব্যাংক লিমিটেডের ‘ওকে ওয়ালেট’ পদ্ধতি ব্যবহার করা হতো। প্রতি মাসে নির্ধারিত দুই দিন প্রতিষ্ঠানে এসে টাকা সংগ্রহ করতেন ডিস্ট্রিবিউটর মো. সফিকুল আলম। তাঁর দাবি, সংগৃহীত সব অর্থ তিনি ব্যাংকের মাদার অ্যাকাউন্টে জমা দিয়েছেন। এ-সংক্রান্ত প্রতিটি রসিদে ব্যাংকের সিল ও স্বাক্ষর রয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম আর্থিক লেনদেনের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। অভিযুক্ত সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান মামুনের দাবি, তিনি প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে টাকা সংগ্রহ করে ডিস্ট্রিবিউটরের কাছে জমা দিয়েছেন। এর বাইরে কোনো ধরনের অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন।

প্রধান শিক্ষক লায়লা তারেকও শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ ঘটনার দায় ওকে ওয়ালেটের ডিস্ট্রিবিউটরের ওপর চাপিয়েছেন।

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রতিবছর আর্থিক লেনদেন নিরীক্ষা করার কথা থাকলেও গত চার বছরে যথাযথভাবে হিসাব নিরীক্ষা ও যাচাই করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘ সময় ধরে এত বড় অঙ্কের আর্থিক গরমিল কীভাবে নজরদারির বাইরে থাকল, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তদন্তের দায়িত্ব না দিয়ে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়ীদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com