1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৯ Time View

প্রতিবেদক:নোয়াখালীর চাটখিলে তাসপিয়া আক্তার রাশেদা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ তাসপিয়া উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে। সে স্থানীয় মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজে ব্যবহারিক পরীক্ষা দিতে যায় রাশেদা। পরীক্ষা শেষে দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়ি ফিরে আসেনি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার রাতে রাশেদার মা লাইলী বেগম বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজের চার দিন পার হলেও এখন পর্যন্ত তার সন্ধান না মেলায় পরিবারে উৎকণ্ঠা আরও বেড়েছে। দ্রুত তাকে উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্বজনরা।

রাশেদার পরিবারের সদস্যরা জানান, মেয়েটির সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। পরীক্ষা দিতে গিয়ে সে কীভাবে নিখোঁজ হলো, তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

রাশেদার মা লাইলী বেগম ও বাবা রাশেদুল ইসলাম বলেন, আমাদের মেয়ে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়েছে। চারদিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাইনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, আত্মীয়-স্বজনের বাড়িতেও খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আমরা খুবই উদ্বিগ্ন ও দুশ্চিন্তায় আছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত আমাদের মেয়েকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, আমি ছুটিতে থাকায় বিষয়টি আগে জানতে পারিনি। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com