
নোয়াখালীর সুবর্ণচরে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) বিকেলে উপজেলার ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর জিয়া উদ্দিন বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চর জিয়া উদ্দিন বাজারে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে স্থানীয় বাসিন্দা, সচেতন নাগরিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
বক্তব্যে ওসি রফিকুল ইসলাম বলেন, মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের সতর্ক করে তিনি বলেন, “এত বনদস্যু, জলদস্যু নিধন করেছি, আর মাদক কারবারিরা তো চুনোপুঁটি।”
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সমাবেশে বক্তারা মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানান।
Leave a Reply