
নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোফাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ তানভীর (২৩), দত্তেরহাট এলাকার মমিন ডাক্তারের বাড়ির আব্দুল মালেকের ছেলে এবং আবু সাহেদ (২৩), গোফাই এলাকার মনের হুজুরের বাড়ির আবুল কাশেমের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, এসআই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোফাই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply