
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
রোববার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফেনী-নোয়াখালী মহাসড়কের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক নুরুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন সোহেল মোল্লাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল মোল্লা পটুয়াখালী জেলার গলাচিপা থানার ৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর চিকনীকান্দি ইউনিয়নের কোতখালি (মোল্লাবাড়ী) এলাকার মো. শাহাব উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply