
নোয়াখালীর কবিরহাট থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। শুক্রবার (৯ অক্টোবর) তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে রোলকল গ্রহণ করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি থানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
তিনি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সূত্র: জেলা পুলিশ, নোয়াখালী।
Leave a Reply