
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর নেই। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকালে ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, ২০২৪ সালের ১৯ আগস্ট ভারতের হরিদাসপুর স্থলবন্দর (বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর) দিয়ে দেশটিতে প্রবেশ করেছিলেন রোটন। শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় কলকাতার রুবি জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার জন্য তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতিপত্র ইস্যু করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। এতে বলা হয়েছে, রোটনের মরদেহ বিমানে বা সড়কপথে বাংলাদেশে নিয়ে আসা হবে। তার আত্মীয় সোহানুর রহমানের কাছে মরদেহ হস্তান্তরের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে বলেও জানায় দূতাবাস।
তবে তার মরদেহ কবে দেশে ফেরানো হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
ছাত্রলীগের রাজনীতি শেষ করে পরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।
Leave a Reply