
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুধারাম উপজেলার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় ৭ জন কিশোরকে আটক করা হয়, যাদের পুলিশ কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে উল্লেখ করেছে।
আটক ব্যক্তিরা হলেন নাদিমুল হক (১৬), শরিফুল ইসলাম নাবিল (১৬), ইয়াসিন আরাফাত (রাফি) (১৫), নাজমুল হুদা সিয়াম (১৫), আব্দুল কাদের জিলানী (১৬), মাহবুবুর রহমান (১৭) এবং মো. শ্রাবণ (১৭)। তাদের মধ্যে পাঁচজন সদর উপজেলার দুজন বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানায়, অভিযান শেষে আটক ৭ কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply