
নোয়াখালী জেলা চিকিৎসা অঙ্গনের দুই স্বনামধন্য ও মানবিক চিকিৎসক ডা. মোহাম্মদ নুরুল আলম চৌধুরী লিটন ও ডা. মো. মুজিবুল হকের মৃত্যুতে শোকাহত নোয়াখালীর চিকিৎসকসহ সর্বস্তরের মানুষ। তাদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত হয়ে পড়েন সহকর্মী এবং বিভিন্ন অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা।
বুধবার দুপুরে জেলা শহর মাইজদীর ম্যাটসের হলরুমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
ড্যাব নোয়াখালী জেলা শাখার সভাপতি ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. মো. শফিউল্লাহ ঝিন্টু, নোয়াখালী ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শহিদুল্লাহ, কোষাধ্যক্ষ ডা. মাসুম আক্তারসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা।
শোকসভায় বক্তারা মরহুম ডা. মোহাম্মদ নুরুল আলম লিটন ও ডা. মো. মুজিবুল হকের কর্মময় জীবন, মানবিক মূল্যবোধ ও চিকিৎসাসেবায় তাদের অবদানের কথা স্মরণ করেন। তাদের জীবনাচরণ ও মানুষের প্রতি ভালোবাসার বিভিন্ন স্মৃতি তুলে ধরতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তারা বলেন, চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই দুই গুণী মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের মৃত্যু নোয়াখালীর চিকিৎসা অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তারা মরহুম দুই চিকিৎসকের আদর্শ ও মানবিক জীবন থেকে শিক্ষা নিয়ে মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। একই সঙ্গে তাদের দেখানো পথে চিকিৎসাসেবাকে আরও মানবিক ও জনকল্যাণমুখী করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরে মরহুম ডা. মোহাম্মদ নুরুল আলম লিটন ও ডা. মো. মুজিবুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply