
নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে আল মদিনা একাডেমী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান রায়হান বলেন, ইদানীং দেশে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
তিনি বলেন, “আপনার সন্তান কোথায় যাচ্ছে, কী করছে—অভিভাবকদের নিয়মিত তার খোঁজখবর রাখতে হবে। মাদক থেকে ছেলে-মেয়েদের রক্ষা করতে পরিবারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একবার কেউ মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে।”
তিনি শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের ভবিষ্যৎ গঠনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করিম উদ্দিন চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদির হানিফ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমাম উদ্দিন রকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন, কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ মিরাজ, কাদির হানিফ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমির হোসেন বাহাদুর, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফার, সুজাপুর দাখিল মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেন এবং কাদির হানিফ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ইয়াছিন পিয়াস।
এছাড়া উপস্থিত ছিলেন কাদির হানিফ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রনি, এম এ রাকিব, মো. সাগর, মো. রায়হান মাহমুদ, মো. মারুফ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুব হাসান মাহি।
বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় হলে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply