
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
রোববার নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আন্ডারচর অস্থায়ী পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্ডারচর, চরমটুয়া ও কালাদরফ এই তিনটি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্ডারচরে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
ক্যাম্প উদ্বোধন শেষে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সভায় পুলিশ সুপার বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্ডারচর এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ অস্থায়ী পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরাধ দমনে সবাইকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী এবং ড. মো. নূরুল হুদা ভূঁইয়া, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, নোয়াখালী।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply