
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাতারপাইয়া এলাকার মারামারির ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ছাতারপাইয়া মারামারির ঘটনার মূল হোতা সাব্বিরের বাবা রবিউল ইসলাম রবি (ওরফে রোব্বে চোরা)। তিনি ওই মারামারির সময় ছাতারপাইয়া হাসেম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনে লুটপাটের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া রবিউল ইসলাম রবি ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলার এজাহারভুক্ত আসামি এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
বিশেষ অভিযানে আরও একজনকে মাদক সেবনের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা এবং দুইজনকে চুরির সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী আটক করা হয়।
গ্রেফতারকৃত চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নোয়াখালীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply