
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সাবিনা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর করিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৌর করিমপুর এলাকার মো. তাজুল ইসলামের বসতঘরে অভিযান চালান। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবিনা বেগমকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাবিনা বেগমের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি পৌর করিমপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তাজুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
Leave a Reply