
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে নোয়াখালীর বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকবিরোধী র্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এসব অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে এসব কর্মসূচি পরিচালিত হয়।
এ উপলক্ষে জেলার একটি স্থানে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ২৭টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদক বহনকারী ২ জন এবং মাদকসেবী ১ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
হাতিয়া থানা: ২২০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী ও দুই মাদক বহনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানা: ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানা: ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনবাগ থানা: ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
সোনাইমুড়ী থানা: ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
চরজব্বর থানা: ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মোবাইল কোর্টে সাজা
সেনবাগ থানায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় নোয়াখালী জেলা পুলিশ মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও চলমান থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
Leave a Reply