মানুষের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তৌফর আলী চৌকিদার বাড়ির আজিজ। চাকরিরত অবস্থায় তার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। বর্তমানে দেশে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে আর্থিক সংকটে পড়ে তার পরিবার এখন অসহায় হয়ে পড়েছে।
জানা গেছে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আজিজের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় দেশে তার চিকিৎসা শুরু হয়। ইতোমধ্যে তাকে ছয়টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। কিন্তু এত চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জীবন বাঁচাতে দ্রুত তাকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে এরই মধ্যে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। ফলে বর্তমানে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
আজিজের পরিবারে রয়েছেন অসহায় মা, একজন প্রতিবন্ধী বোন, স্ত্রী ও ছোট্ট সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন সংকটময় অবস্থায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্বজনরা।
আজিজের স্বজনরা জানান, একজন সন্তান তার বাবাকে ফিরে পেতে চায়, একজন স্ত্রী তার স্বামীকে সুস্থ দেখতে চান এবং একজন মা চান তার সন্তান সুস্থ হয়ে আবার ঘরে ফিরুক। এ অবস্থায় আজিজের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।
তাদের মতে, ১০০ টাকা, ৫০০ টাকা কিংবা সামর্থ্য অনুযায়ী যেকোনো আর্থিক সহায়তা আজিজের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত সহযোগিতায় হয়তো ক্যান্সারের সঙ্গে লড়াই করা এই মানুষটির উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হতে পারে।
ডাচ্-বাংলা ব্যাংক
অ্যাকাউন্ট নম্বর: 1661580521356
অ্যাকাউন্টের নাম: Azizul Hoq
শাখা: বসুরহাট শাখা
আজিজের পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
আসুন, সামর্থ্য অনুযায়ী আজিজের পাশে দাঁড়াই। একটি মানুষের জীবন বাঁচাতে আমাদের সামান্য সহযোগিতাই হয়ে উঠতে পারে বড় আশার কারণ।
Leave a Reply