
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে চৌমুহনী পৌরসভার নরোত্তমপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সুতার বাড়ির রাস্তার পাশে আর আমিন ভিলা নামের একটি ভবনের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সাহাব উদ্দিন (৪৮), মাহবুবুর রহমান সুজন (৩৮) ও মো. ফয়সালকে (৩৫) আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনই বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply