
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহানী কলেজ রোড সংলগ্ন মহেশগঞ্জ বাজার এলাকা থেকে মাত্র একদিন বয়সী এক জীবিত কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পথচারীরা মহেশগঞ্জ বাজার এলাকায় এক একদিনের নবজাতক কন্যাসন্তানকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে তাকে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতকটির শারীরিক অবস্থার সার্বিক দিক বিবেচনা করে ও উন্নত চিকিৎসার স্বার্থে চিকিৎসকরা তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণের সিদ্ধান্ত নেন। বর্তমানে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন জানিয়েছে, শিশুটির পরিচয় ও তার পিতা-মাতার সন্ধান বের করার চেষ্টা করা হচ্ছে। শিশুটিকে কে বা কারা রেখে গেছে সে বিষয়েও তদন্ত চলছে।
Leave a Reply