
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গোদাগাড়ী এলাকায় তার মৃত্যু হয়। তার বয়স জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান।
আব্দুল মুত্তালিব গোমস্তাপুর উপজেলার চৌডলা ইউনিয়নের মৃত জাফর আলীর ছেলে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রশিবিরের সাথী হিসেবে সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন।
আব্দুর রহমান জানান, কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন আব্দুল মুত্তালিব। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, আব্দুল মুত্তালিবকে ডেঙ্গু ওয়ার্ডে রেখে নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্রবার ছুটির দিনেও চিকিৎসকেরা রোগীদের দেখেছেন। এ সময় মুত্তালিব তার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানান এবং রাজশাহীতে যেতে চান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বিষয়টি শনিবার বিস্তারিত খতিয়ে দেখা হবে।
আব্দুল মুত্তালিবের মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, একজন দায়িত্বশীল সাথী ও ক্যাম্পাস সভাপতি হিসেবে মুত্তালিব সংগঠনের কার্যক্রমে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তার বিনয়ী আচরণ এবং সহপাঠী ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে তারা আরও বলেন, তার মৃত্যু পরিবার, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সহকর্মীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply