
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের স্বীকৃতিস্বরূপ নোয়াখালীর সদর সার্কেল ও সুধারাম মডেল থানা পুলিশকে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর এবং সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি সুধারাম মডেল থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, ৪০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত ওই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর ও সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম। তাদের সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতিটি সদস্য পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সুধারাম মডেল থানা পুলিশ ও সদর সার্কেলের এই সফল অভিযান তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার আরও বলেন, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। নোয়াখালীকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply